গোপালগঞ্জে ৩টি আসন থেকে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
তিনটি আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি আসন থেকে ১৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি মনোনীত তিন প্রার্থী আছেন।
মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আবুল খায়ের।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ নিয়ে জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, জামায়াতে ইসলামীর আজমল হোসেন, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।
গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এস এম জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, স্বতন্ত্র মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
