ময়মনসিংহে ছিনতাইকারীর ধাওয়ায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি
নিখোঁজ নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ধাওয়ায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি।
নিখোঁজ নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে।
বুধবার সন্ধ্যায় নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীতে ব্রহ্মপুত্র নদের চরে বেড়াতে যান শাওন ও তার বন্ধু রিফাত। ছিনতাইকারীর কবল থেকে একজন পালিয়ে এলেও নিখোঁজ রয়েছেন শাওন।
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশের একাধিক দল এবং শাওনের বন্ধুরা ব্রহ্মপুত্র নদের চরে খোঁজ চালিয়েও তার সন্ধান পায়নি।
নিখোঁজ শাওনের ছোট বোন জামাই আবুল কাশেম বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাওন ও রিফাত নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান। অন্ধকার নেমে আসলে সাত ছিনতাইকারী তাদের আটকে টাকা চায়। কিন্তু, নৌকা ভাড়া ছাড়া তাদের কাছে কোনো টাকা ছিল না।
রিফাত ও শাওনের কাছে টাকা না থাকায় ছিনতাই দলের একজন ক্ষিপ্ত হয়ে রিফাতের গালে থাপ্পড় মারে এবং মোবাইল বের করে দিতে বলে। রিফাতের গালে থাপ্পড় দেওয়ার প্রতিবাদ করেন শাওন।
তখন গাছের ডাল দিয়ে ছিনতাইকারীরা রিফাত ও শাওনকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় প্রাণে বাঁচতে রিফাত ও শাওন দুই দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।
রিফাতকে চারজন এবং শাওনকে তিনজন ছিনতাইকারী ধাওয়া করে। রিফাত সাঁতার জানায় নদের দিকে দৌঁড়ে এসে দুজন বালু শ্রমিকের কাছে পৌঁছায়। এ সময় বালু শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে এবং রিফাতকে উদ্ধার করে। শাওন নদে নেমেছেন নাকি অন্য কোনো দিকে দৌড়ে গেছেন তা জানাতে পারেননি কেউ।
রাতেই পুলিশের একাধিক দল এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে এবং সন্ধান চালায়। কিন্তু শাওনের সন্ধান না পেয়ে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের একাধিক দল এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা শাওনের সন্ধান অভিযান শুরু করে। তবে, সন্ধ্যা ৭টা পর্যন্ত শাওনের কোনো সন্ধান মেলেনি।
এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও শাওনের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে নিখোঁজ শাওনের মা শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং যেকোনো মূল্যে তার ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ খান বলেন, “আমরা দ্রুত ও অক্ষত অবস্থায় শাওনকে ফেরত চাই। একই সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডু্বুরি দলের টিম লিডার তরুণ-উর-রশিদ বলেন, “সন্ধান চালানো হচ্ছে। কিন্তু শাওন নদে ঝাঁপ দিয়েছে নাকি অন্য দিকে দৌঁড়ে গেছে তা নিশ্চিত নয়। তাই উদ্ধার অভিযান আজকে স্থগিত করা হয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুল সাকিব বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিযাধীন। তবে, তদন্তের স্বার্থে আটক ছিনতাইকারীর নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি।
