২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে ভ্যানচালক খুন

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে ভ্যানচালক খুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাড়ির পাশে মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির জেরে এক ভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আহত হয়েছেন নিহতের বড় ভাই।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন।

নিহত ইব্রাহিম হোসেন (২৮) ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। আহত রুহুল আমিন (৩৪) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এক সন্তানের জনক ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা পরিবারটি।

আটকরা হলেন- একই এলাকার আরিফুল ইসলাম (২৮), স্ত্রী সাথী আক্তার (২৫), বাবা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)।

ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম ও রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন প্রতিবেশী।

গুরুতর অবস্থায় তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

ওসি এইচ এম শাহিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সমাজকর্মী জিয়াউর রহমান বলেন, তুচ্ছ বিরোধ কীভাবে কেড়ে নিতে পারে একটি পরিবারের সব স্বপ্ন ইব্রাহিমের রক্তাক্ত পরিণতি যেন সেসব প্রশ্নই ছুড়ে দেয় সমাজের দিকে। অন্তঃসত্ত্বা স্ত্রী আর অনাগত সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত অন্ধকারে। 

ন্যায়বিচার কি তাদের শোক কিছুটা হলেও লাঘব করতে পারবে? সেই অপেক্ষায় একটি পরিবার, একটি গ্রাম।

সন্ধ্যার আগে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেন, “এ খুনের ঘটনায় যথাযথ বিচার হবে। কাজটি ভালো হয়নি।”