২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কয়েক কারখানায় ছুটি

আরো শ্রমিক জড়ো করতে অন্য কারখানার ফটকে গিয়েও বিক্ষোভ করেন তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

গাজীপুরের জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন। 

রোববার সকাল থেকে কারখানার আশপাশে চলা এ বিক্ষোভে আরো শ্রমিক জড়ো করতে অন্য কারখানার ফটকে গিয়েও বিক্ষোভ করেন তারা। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার ঘোষিত বার্ষিক বেতন ৯ ভাগ বাড়ানোর কথা বলা হলেও যাদের চাকরির  এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়বে না। 

কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের দাবি, অন্যদের বেতন বাড়ানো হলে সমান হারে তাদেরও বাড়াতে হবে। 

কারখানাটির শ্রমিক আল আমিন বলেন, “আগে থেকে যারা চাকরি করছেন তারাও যেমন, আমরা যারা ৭-৮ মাস হয়েছে যোগদান করেছি, তারাওতো শ্রমিক। অন্যদের বেতন বাড়ালে আমাদেরও বাড়াতে হবে।”

একই দাবি জানিয়ে শিহাব নামে এক শ্রমিক বলেন, “নতুন শ্রমিকদেরও বেতন বাড়াতে হবে। নাহলে আন্দোলন চালিয়ে যাব।”

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, “বার্ষিক বেতন বাড়ানোর দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”