পাবনায় এক অভিযানে আওয়ামী লীগ-ছাত্রলীগের ২১ জন গ্রেপ্তার
গ্রেপ্তার সবাই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।
পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, শুক্রবার ভোরে নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হওয়া ২১ জনকে মথুরাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশ গ্রেপ্তার নেতাকর্মীদের নাম প্রকাশ করেনি।
এলাকাবাসী জানায়, গ্রেপ্তার সবাই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। গত বছর ২ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে আটক করে ভ্যানে তুললে সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এর তিন দিন পর ৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর আব্দুল ওহাব ও তার অনুসারীরা এলাকায় আবারও সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। রমজানে তারা প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করেন। এসবের মধ্যেই ২১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
