‘প্রতিহিংসায়’ আওয়ামী লীগ নেতার ৪ স্বজনের কবর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
‘রাজনৈতিক প্রতিহিংসায়’ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগ নেতার পরিবারের চারটি কবর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সলঙ্গা থানার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করেছেন।
তাতে তিনি অভিযোগ করেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ বুধবার উনুখাঁ কবরস্থানে পাগলা পীর (রাঃ) মাজারের পূর্বপাশে ঈদগাহ মাঠের প্রাচীরের উত্তরপাশে থাকা তার বাবা সাবেক চেয়ারম্যান ও উনুখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক আব্দুল জলিল বিএসসি, ছোট ভাই শহিদুল ইসলাম, দাদা রাজ উদ্দিন প্রমাণিক ও ছোট দাদা খলিলুর রহমানের ইট দিয়ে বাঁধাই করা কবরস্থান ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হিরো বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর কবরস্থানের নতুন কমিটি করা হয়েছে। ওই কমিটির তত্ত্বাবধানে এই কাজ করা হয়েছে।
কবরস্থান ভাঙার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উনুখাঁ কবরস্থান কমিটির সভাপতি ও ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সেলিম রেজা বলেন, “করবস্থানটি অনেক পুরাতন। আমরা দায়িত্ব নেওয়ার পর কবরস্থানে থাকা বেশকিছু গাছ বিক্রি করেছি। সীমানা প্রাচীর ও মাটি ভরাট করতে হবে।
“এজন্য ভেকু মেশিন দিয়ে কবরস্থানে মাটি লেবেল ও গাছের শিকর তোলার সময় ওই চারটি কবরও ভেঙে গেছে। এটা কোনো প্রতিহিংসা থেকে করা হয়নি। করবস্থানে উন্নয়নের স্বার্থেই এটা করা হয়েছে। প্রয়োজন হলে ভেঙে ফেলা কবরগুলো কমিটির পক্ষ থেকে আবারও বাঁধাই করে দেওয়া হবে।”
এ বিষয়ে উনুখাঁ কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ও উনখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, “সংস্কারের স্বার্থে ওই চারটি কবরসহ কবরস্থানে থাকা অন্তত ১০-১৫টি বাঁধাই করা কবর ভেঙে ফেলা হয়েছে। কোনো প্রতিহিংসা থেকে কবরগুলো ভেঙে ফেলা হয়নি।”
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালে মোহাম্মদ হাসনাত বিকালে বলেন, “কবর ভাঙার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আজই ঘটনাস্থল পরিদর্শন করব। এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
