ঝিনাইদহে নিখোঁজের ২ দিন পর কিশোরীর লাশ মিলল ধান ক্ষেতে
পুলিশ বলছে, লাশের গলায় ওড়না পেঁছানো ছিল।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার দুধসর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শৈলকূপা থানার ওসি সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী জানান।
১৭ বছর বয়সি বীথি খাতুন ওই গ্রামের আশরাফ আলীর মেয়ে।
মেয়েটির স্বজনদের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, বীথি শুক্রবার থেকে নিখোঁজ ছিল। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার মেয়েটির বাবা থানায় একটি জিডিও করেন।
পরে বিকাল ৫টার দিকে তারা খবর পান, গ্রামের ধান ক্ষেতে ওই কিশোরীর লাশ পড়ে আছে। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, “লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। এতে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
