১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে কিশোরের লাশ উদ্ধার, পাশে রক্তমাখা ইট

নিহতের মা শেফালি বেগম বলেন, বৃহস্পতিবার রাতে তার ছেলে মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেনি।

টাঙ্গাইলে কিশোরের লাশ উদ্ধার, পাশে রক্তমাখা ইট
টাঙ্গাইলের ঘাটাইল সদরের কাইতকাই গ্রামের বাড়ির পাশের বাগানে কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 02:58 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার ঘাটাইল সদরের কাইতকাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করে বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান।

নিহত শামিম হোসেন (১৪) ঘাটাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভানিকাত্রা গ্রামের ভ্যান চালক আব্দুল করিমের ছেলে। শামিম কিছুদিন স্থানীয় ঝরকা বাজারে একটি মুরগির দোকানের কর্মচারী ছিল। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শুক্রবার সকালে গ্রামের একটি বাড়ির পাশে বাগানে লাশটি দেখতে পায় স্থানীয়রা। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে, পাশে পড়ে ছিল রক্ত মাখা ইট। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা শেফালি বেগম বলেন, বৃহস্পতিবার রাতে তার ছেলে মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেনি। তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেন। 

ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ওই বাড়িটিতে কেউ থাকে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শামিমকে সেখানে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চলে গেছে।

ওসি রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।