নবাবগঞ্জে চেকপোস্ট দেখে পালানোর সময় দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সুমনকে ধাওয়া দেওয়া হয়েছিল কি-না জানতে চাইলে ওসি বলেন, “তাকে ধাওয়া দেওয়া হয়নি।”
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার আঞ্চলিক প্রধান সড়কের মোড়ে মঙ্গলবার রাত পোনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমন মোল্লা (৪০) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। এলাকার একটি বাজারে আসবারপত্রের ব্যবসা করতেন তিনি।
ওসি মমিনুল দাবি করেন, “রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। চেকপোস্ট দেখে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
“পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
সুমনকে ধাওয়া দেওয়া হয়েছিল কি-না জানতে চাইলে ওসি বলেন, “তাকে ধাওয়া দেওয়া হয়নি। চেকপোস্ট দেখে তিনি দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।”
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
