২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

“ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 12:06 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম জানিয়েছেন।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) ও একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, “গোপন খবরে মাধাইয়া বাস স্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

“এক পর্যায়ে শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।”

অভিযানে নেতৃত্ব দেওয়া ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, “ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা। আসল তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।