২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারের অপসারণ চায় রাকসু
বিকালে রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে রেজিস্ট্রারের অপসারণ দাবি করা হয়েছে।
সোমবার বিকালে রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্ত সাপেক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
লিখিত বক্তব্যে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে উপাচার্য স্বাক্ষর করে ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে পাঠান। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রার দপ্তর থেকে একই দিনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চিঠি ইস্যু হওয়ার কথা ছিল।
“কিন্তু দেখা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্তও রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করেনি। এতে বিভাগটির ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়ে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, “বিষয়টি জানতে রাকসুর সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে গেলে এক কর্মকর্তা জানান, রেজিস্ট্রার তখন রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত আছেন এবং পরে আসতে বলেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা যেমন নীতিগতভাবে অনুচিত, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থি।”
রোববার দুপুরে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে গেলে তাকে জানানো হয়, ভেতরে বিএনপির একটি সভা চলছে। পরে আম্মার ভিতরে প্রবেশ করলে রেজিস্ট্রার এবং তার মধ্যে বাকবিতণ্ডা হয়।
ওইদিন রাতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
