শেরপুরে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা
জরিমানা করাসহ ইটভাটা গুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
সুশীল দাস বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকলা উপজেলার মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, শিববাড়ি এলাকার মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ টাকা, তেঘরি, বাশাটি এলাকার মেসার্স সরকার ব্রিকসকে ৩ লাখ টাকা, ছাতুগাঁও-গৌরদ্বার এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, রুনীগাঁও-গৌরদ্বার এলাকার মেসার্স চমক ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পাইস্কা এলাকার মেসার্স রিজন ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং কুর্শা বাদাগৈড় এলাকার মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
তিনি বলেন, এ সময় ওই অবৈধ সাতটি ইটভাটায় মোট সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা গুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং নকলা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন।
