১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

সকালে স্বজনরা জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 12:04 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার এক বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। 

নিহতরা হলেন- রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেন (১৮)। তারা কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী ও ছেলে।  

পুলিশ জানায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান বলেন, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। 

দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।