মায়ের সুস্থতা কামনায় দানবাক্সে সোনার দুল, সঙ্গে আবেগঘন চিঠি
নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া এলাকার মসজিদে আলী (রাঃ) এর দানবাক্সে মিলেছে এই ব্যতিক্রমী দান।
নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রাঃ) এর দানবাক্সে মিলেছে এক ব্যতিক্রমী দান। সেখানে একসঙ্গে কাগজে মোড়ানো অবস্থায় এক জোড়া সোনার কানের দুল, নগদ সাত হাজার টাকা এবং একটি ছোট্ট চিরকুট পাওয়া গেছে।
চিরকুটে লেখা, “আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।”
ধারণা করা হচ্ছে, মায়ের সুস্থতার আশায় কোনো সন্তান নিঃশব্দে এই দান রেখে গেছেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম বলেন, প্রতি দুই মাস অন্তর নিয়ম অনুযায়ী দানবাক্স খোলা হয়। বুধবার দানবাক্স খোলার সময় ছোট্ট একটি ব্যাগের ভিতরে রঙিন কাগজে মোড়ানো অবস্থায় স্বর্ণের দুল ও চিরকুটটি পাওয়া যায়।
তিনি বলেন, “চিরকুটটি পড়ার পর আমরা আবেগপ্লুত হয়ে পড়ি। এটি শুধু দান নয়, এটি এক সন্তানের মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ।”
তিনি বলেন, স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানা যায়, এর বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।
মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, “আমরা দানের পরিমাণ নয়, নিয়তকে বড় করে দেখি। আল্লাহ যেন ওই সন্তানের মাকে দ্রুত সুস্থতা দান করেন- আমরা সবাই তার জন্য দোয়া করি।”
মসজিদ কমিটির সভাপতি ওসমান গণীসহ অন্যান্য সদস্যরা জানান, মসজিদের উন্নয়ন কাজে এই দান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর চেয়েও বড় বিষয় হল এই ঘটনা সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
