২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রীর ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে

দেলোয়ার হোসেন ছাত্রীর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ফেইসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 09:48 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। 

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীর করা মামলায় শুক্রবার রাতে শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে আসামিকে বেগমগঞ্জ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক রিয়াজ উদ্দিন আহমদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেলোয়ার হোসেন (৪৯) উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

২০ এপ্রিল করা মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালে প্রাইভেট পড়ার সুবাদে দেলোয়ার হোসেনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। ২০২৩ সালের ২৬ মার্চ দেলোয়ার হোসেন ছাত্রীকে ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক কিছু আপত্তিকর স্বীকারোক্তি কাগজে লিখে নেন ও ভিডিও ধারণ করেন। 

পরবর্তীতে ওই ভিডিও ও কাগজের মাধ্যমে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। তাতে আরেক শিক্ষকসহ কয়েকজন সহায়তা করে বলে মামলায় অভিযোগ করা হয়।  

২০২৫ সালের ডিসেম্বর মাসে ছাত্রীর বিয়ে হয়। দেলোয়ার হোসেন ছাত্রীর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে এবং ভুয়া ফেইসবুক আইডি খুলে ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কাছে পাঠিয়ে দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্রীর বিবাহবিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের পর আসামি পুনরায় তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ প্রয়োগ করছিলেন এবং টাকা দাবি করছিলেন।

পুলিশ জানায়, এই পরিস্থিতিতে ছাত্রী প্রথমে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আদালত অভিযোগ করলে বিচারক থানাকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।