Published : 21 Feb 2026, 08:03 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে দখল করে নেওয়া একটি দোকান মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাতুলি বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানটি মালিক মাহে আলমকে বুঝিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল শনিবার বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন দোকানটি দখল করেছিল। বিষয়টি মাহে আলম ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে অবহিত করেন। আমরা এমপির নির্দেশে দোকানটি দখলমুক্ত করে মালিককে বুঝিয়ে দিয়েছি।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক বছর ধরে ওই জায়গায় ব্যবসা করে আসছিলেন মাহে আলম। কিন্তু নির্বাচনের আগে মাহে আলমকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে কিছু লোক সেটি দখল করে নেয়। শুক্রবার রাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দোকানটির তালা ভেঙে মালিককে বুঝিয়ে দেন।
দোকান ফিরে পেয়ে সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী মাহে আলম।
তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে আমার কাছে চাঁদা দাবি করেছিল স্থানীয় রুবেল পাটোয়ারী ও হান্নান। তাদেরকে চাঁদা না দেওয়ায় তারা ২০-২৫ জন এসে দোকানে তালা মেরে দেয়।
“বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্যকে জানাই। তিনি দোকান দখলমুক্ত করে দিয়েছেন। এতে আমরা খুশি।”