২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ

এক পক্ষ এই কমিটিকে ‘আওয়ামী দোসরদের’ দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 01:22 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন।

এক পক্ষ এই কমিটিকে ‘আওয়ামী দোসরদের’ দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছে।

অন্যপক্ষ এসব অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।

বুধবার শহরের একটি বেসরকারি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুলাই ঢাকায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মতবিনিময় সভা হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলা থেকে অ্যাডহক কমিটি অনুমোদনের জন্য সদস্যদের নাম পাঠাতে বলা হয়। প্রস্তাবিত নাম পাঠানোর পর গত ২৬ জুলাই মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল লালমনিরহাটে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।

কমিটির সদস্যরা ‘সবাই মুক্তিযোদ্ধা’ এবং ‘দলীয় পদে নেই’ বলেও দাবি করেন তিনি।

ফিরোজুর রহমান বলেন, “আমিও কোনো রাজনৈতিক দলের পদে নেই। অথচ সংবাদ সম্মেলনে আমার ও কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এর আগে ৩ অগাস্ট বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধাদের একটি পক্ষ জেলা কমান্ডের আহ্বায়ক কমিটি আওয়ামী দোসরদের নিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করে।

তারা অভিযোগ তোলে, নবগঠিত কমিটিতে ‘আওয়ামী লীগ ঘরানার’ নয় জন সদস্য রয়েছেন।

কুমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী মোল্লা বিএনপির এবং সদস্য সচিব হাবিবুল হক বসুনিয়া জাতীয় পার্টির সমর্থক হলেও বাকি সদস্যরা আওয়ামী ঘরানার বলে দাবি তাদের।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ প্রধান। সেখানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আবদুস সামাদ, হোসেন আলী, মতিয়ার রহমান, নুর ইসলাম প্রামাণিকসহ কয়েকজন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা।

কমিটি নিয়ে চলমান এই দ্বন্দ্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদে অস্থিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।