২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর হামলা: প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক

বর্তমানে সহযোগী অধ্যাপক জাহিদুল করিম যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।

শিক্ষার্থীদের ওপর হামলা: প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 06:04 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

সারাদেশে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম কর্তৃপক্ষকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে তিনি সেটি নিজের ফেইসবুকেও পোস্ট করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) আবু হাসান বলেন, “আমরা তার অব্যাহতি সংক্রান্ত ই-মেইলটি সকাল সাড়ে ১০টার দিকে পেয়েছি।”

সহযোগী অধ্যাপক জাহিদুল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অব্যাহতিপত্র রেজিস্ট্রারকে ই-মেইল করেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদুল করিম ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।

জাহিদুল করিম তার অব্যাহতিপত্রে বলেন, “গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, পুলিশ, র‍্যাব ও বিজিবি যে হত্যাকাণ্ড চালিয়েছে, তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হত্যা ও কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করার মধ্যদিয়ে ১৯৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে।

“এই হত্যাকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের আমি নির্লিপ্ত থাকতে দেখেছি। শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ভূলুণ্ঠিত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর ধরে শিক্ষকতা করা এই শিক্ষক বলেন, “দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির সরকারের উদাসীনতা ও শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে ব্যথিত করেছে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি।

“কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে।”

শহীদ সব শিক্ষার্থী ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি থেকে অব্যাহতি ঘোষণা করছি।”