Published : 30 May 2026, 06:40 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেট কার ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া জানান।
নিহতরা হলেন- উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে ইজিবাইক চালক মো. রুবেল শেখ (১৯)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুর্ঘটনায় রুবেল, যাত্রী মাহফুজা খাতুন ও তার ছেলে জুনাইদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন। মাহফুজা হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান।
ওসি কোহিনুর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।