মাদারীপুরে মহাসড়ক অবরোধ, আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর নামে মামলা
চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার এ ঘটনায় একজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
কালকিনি থানা পুলিশ রোববার ভোরের ঘটনায় মামলা দায়েরের পর বিকালে একজনকে গ্রেপ্তার দেখানো হয়।
কালকিনি থানার এসআই আবু তালেব সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। পরে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন হাওলাদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কালকিনি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, মামলায় কর্মসূচিতে নেতৃত্বে দেওয়া নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ৫০ জনকে আসামি করে বাকিদের গং হিসেবে ধরা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার ভোর সাড়ে ৬টার দিকে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় একাধিক গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।
এসময় টায়ার জ্বালিয়ে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলও বের করেন। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে কালকিনি ও ডাসার থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য এবং স্থানীয়রা বলেন, ‘শাটডাউন’ কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। তারা মহাসড়কে একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে বক্তব্যও দেন।
