২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

এর আগে বিবাদীদের সমিতির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 12:11 AM

Updated : 26 Aug 2026, 09:35 AM

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পাঁচ আইনজীবী নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

বার কাউন্সিলের নির্দেশে সমিতির অফিস সহকারী মো. সোহাগ বুধবার গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের মামলাটি করেন বলে ওই আদালতের আইনজীবী মো. মাহবুবুর রহমান জানান।

আসামিরা হলেন- বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়া অর্থ আত্মসাতে তাদের সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক কল্পনা আক্তারকেও বিবাদী করা হয়েছে।

আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ সদস্যদের ভোটে এক বছর মেয়াদে কমিটি গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

শেষ কমিটির মেয়াদ গত বছরের ৩ মার্চ শেষ হয় জানিয়ে তিনি বলেন, কিন্তু তারা পরবর্তী কমিটি গঠনের জন্য যথা সময়ে নির্বাচনের আয়োজন করতে পারেননি।

এছাড়াও সাবেক ওই কমিটির সভাপতি-সাধারণ ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সমিতির কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

পরে সাংবিধানিক সংকট নিরসনে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের সাবেক সভাপতিদের নিয়ে ৯ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।

ওই কমিটির আহ্বায়ক বারের সাবেক সভাপতি ও সদর মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া এবং সদস্যসচিব বারের সাবেক সভাপতি ও গাজীপুর পৌর বিএনপি সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান উদ্দিন।

কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এডহক কমিটি তদন্ত করে সাবেক কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সমিতির ফান্ড থেকে ১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের সত্যতা পায়।

ফলে বার কাউন্সিলের সিদ্ধান্ত ক্রমে সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং তাদের সহযোগী হিসেবে লাইব্রেরি ও মহিলা বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগে বিবাদীদের সমিতির সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।