Published : 29 Aug 2026, 08:46 PM
বিদ্যুতের ঘাটতি কমাতে আগামী গ্রীষ্মের মধ্যে তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, “সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। ফলে আগামী গ্রীষ্মের আগেই ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দেশ।”
শনিবার যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সৌদি আরব তো তেলের ওপর ভাসছে। সেখানে কেন তেলের দাম বাড়ল? মার্কিন যুক্তরাষ্ট্রে কেন তেল-গ্যাসের দাম বাড়ল? বিশ্ববাজারে দাম বাড়ছে। সেখানে আমাদের মতো একটি দেশে সরকার কতদিন সমন্বয় না করে থাকবে?
“তারপরও সরকার জনগণের কথা ভেবে সমন্বয় করছে। এজন্য নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি বাচ্চাদেরও পরিমিত ব্যবহার শেখাতে হবে।”
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম বলেন, প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে।
অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না; সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম বলেন, দলের কিংবা রাজনৈতিক পরিচয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।