লালমনিরহাটে লাইনে দাঁড়ানো নিয়ে তেল পাম্পে সংঘর্ষ, আহত ৪
বুড়িমারীর জে এম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকটের মধ্যে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বুড়িমারীর জে এম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেলের গ্রাহকরা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে সোমবার সকাল থেকে জেলার অধিকাংশ পাম্প অঘোষিতভাবে বন্ধ করে দেন মালিকরা। মঙ্গলবার সকালে বুড়িমারীর একটি পাম্প খোলার খবর ছড়িয়ে পড়লে সেখানে কয়েকশ মোটরসাইকেল ও যানবাহন ভিড় করে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার একপর্যায়ে লাইন নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
দেখা গেছে, জেলা শহরের হাড়িভাঙ্গা, পুলিশ লাইন, কুলাঘাট এবং আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ লেখা বোর্ড ঝুলিয়ে মেশিনগুলো কাপড় বা ড্রাম দিয়ে ঢেকে রাখা হয়েছে। এমনকি পুলিশের একটি গাড়িকেও তেল না পেয়ে পাম্পে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বোরো মৌসুমের শেষ পর্যায়ে এসে তেলের এই চরম সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। আলু ও তামাক তুলে নতুন করে ধান রোপণের জন্য জমি প্রস্তুতির এই সময়ে ট্রাকটর চালানো সম্ভব হচ্ছে না।
আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থেকে ফিরে যাওয়া মোটরসাইকেল চালক আজিজুল ইসলাম বলেন, “অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না। শেষ পর্যন্ত বাড়ি ফিরে যাচ্ছি।”
পাম্প মালিকদের বিরুদ্ধে ‘কৃত্রিম সংকট’ তৈরির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জোবায়দুল ইসলাম নামে এক গ্রাহক। তিনি বলেন, “সরকার বলছে তেলের অভাব নেই, কিন্তু মালিকরা সিন্ডিকেট করে আমাদের জিম্মি করছে।”
সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে শহরের পাম্প মালিক শফিকুল ইসলাম বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত নগণ্য। যেখানে প্রতিদিন নয় হাজার লিটার তেল প্রয়োজন, সেখানে রেশনিং সিস্টেমে মাত্র দুই হাজার লিটার দেওয়া হচ্ছে। লরি না আসায় আমরা গ্রাহকদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।”
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ইউএনও নিয়মিত পাম্পগুলোর মজুত তদারকি করছেন। পাম্পে আসলেই তেলের স্বল্পতা পাওয়া গেছে। তবে আশা করছি, দু-একদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে এবং এই সমস্যার দ্রুত সমাধান হবে।”
