৪৬০ বোতল ফেনসিডিল রাখার দায়ে ৫ জনের যাবজ্জীবন
মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস্ এম নাসিম রেজা এই দণ্ডাদেশ দেন।
মেহেরপুরে মাদক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস্ এম নাসিম রেজা এই দণ্ডাদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী এবং রাজশাহীর বাঘা উপজেলার রাজিব সর্দার ও জুয়েল রানা।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে রাজিব অনুপস্থিত ছিলেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোর রাতের দিকে গাংনী উপজেলার আকুবপুরে চেক পোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তখন ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যান।
গাংনী থানার এসআই আলী রেজা পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আদালত পাঁচজনকে যাবজ্জীবন ছাড়াও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়।
মামলায় আসামি পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল আযম খোকন।
