২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে ৫৬ লাখ টাকার চোরাচালান পণ্যসহ আটক ২

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, মোটরসাইকেল ও মাদকদ্রব্য।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 05:35 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করেছে বিজিবি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

আটকরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের ছেলে রিপন মিয়া (২৮)।

বিজিবি জানায়, ২২ বিজিবির একটি বিশেষ দল দিয়াডাঙ্গা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ আট হাজার ৫০০ টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে।