০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

২৩ দিন পর কাজে ফিরেছেন টিএনজেডের শ্রমিকরা

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 06:01 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানা ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। 

এর আগে কারখানা কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।

বাসন থানার ওসি মো. রাহেদুল ইসলাম বলেন, “শনিবার সকালে টিএনজেড গ্রুপের কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।” 

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা শ্রমিক আন্দোলন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 

সবশেষ ৯ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর রাত পর্যন্ত টানা তিন দিন বেতন-ভাতার দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানার সামনে নোটিশ দিয়ে জানানো হয়, শনিবার থেকে কারখানা খোলা থাকবে। 

সেই নির্দেশনা অনুযায়ী, শ্রমিকরা যথারীতি সকাল থেকে কাজে যোগদান করেছেন। 

শ্রমিক শরিফা বেগম বলেন, “এখন আমাদের মধ্যে কোনো অসন্তোষ নেই, আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজে যোগ দিয়েছি। আজকে কাজে ফিরে যেন সবার মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে।”

কারখানায় এই কাজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি মালিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

কারখানার নির্বাহী পরিচালক মো. মাকসুদুল রহমান চৌধুরী বলেন, “বকেয়া বেতন পরিশোধ করায় শনিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন কারখানার মধ্যে আর কোনো অসন্তোষ নেই। শান্তিপূর্ণ পরিবেশেই শ্রমিকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রফুল্ল চিত্তে কাজ করে যাচ্ছেন।”

কারখানায় এ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় প্রশাসন, বিজিবি, পুলিশ, সাংবাদিকসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।