‘নুরাল পাগলা’র দরবারে হামলা চালিয়ে গরু লুট: যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর এ ঘটনায় হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘নুরাল পাগলার’ দরবারে হামলা চালিয়ে গরু লুটের ঘটনায় এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।
গ্রেপ্তার সজিব শেখ (২৬) ওই গ্রামের উজ্জ্বল শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজিব বলেন, ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ‘ঈমান-আকিদা রক্ষা’ কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় একদল লোক।
এ সময় পুলিশসহ অর্ধশত মানুষ আহত হয়। হামলায় নিহত হন নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চলে পুলিশের ওপর; ভাঙচুর করা হয় তাদের গাড়ি। পরে নুরাল পাগলার মরদেহটি কবর থেকে তুলে পুড়িয়ে দেয় জনতা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাতপরিচয় তিন হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন।
অন্যদিকে নুরাল পাগলের দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় ৮ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতপরিচয় চার হাজারজনকে আসামি করে মামলা করেন তার বাবা আজাদ মোল্লা। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাজিব বলেন, হামলার দিন নুরাল পাগলের দরবারে থাকা একটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
