১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ‘নুরাল পাগলা’র দরবারে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

“ভি‌ডিও ফু‌টেজ দে‌খে শনাক্ত করার পর মিজানুরকে গ্রেপ্তার ক‌রে পুলিশ।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 12:20 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলায় নুরাল পাগ‌লার দরবা‌রে হামলার সময় জেনা‌রেটর চু‌রির ঘটনায় এক যুব‌ককে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। 

জেলা সদ‌রের লক্ষ্মীকোল সোনাকান্দর এলাকা থে‌কে বুধবার রা‌তে তা‌কে গ্রেপ্তার করা হয় ব‌লে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানিয়েছেন। 

গ্রেপ্তার ২৪ বছর বয়সী নজরুল মো. মিজানুর রহমান ওই গ্রা‌মের হারুনুর রশিদের ছে‌লে।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ‘ঈমান-আকিদা রক্ষা’ কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। 

এ সময় পু‌লিশসহ অর্ধশত মানুষ আহত হয়। হামলায় প্রাণ হারান নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চলে পুলিশের ওপর; ভাঙচুর করা হয় তাদের গাড়ি। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই অজ্ঞাত পরিচয় ৩ হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

অন্যদিকে নুরাল পাগলার দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় ৮ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত পরিচয় ৪ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন তার বাবা আজাদ মোল্লা। 

এ মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব ব‌লেন, “নুরাল পাগলার দরবা‌রে হামলার সময় জেনা‌রেটর চু‌রি করা হয়। ভি‌ডিও ফু‌টেজ দে‌খে  শনাক্ত করার পর জেলা গো‌য়েন্দা পু‌লিশ ও গোয়ালন্দ ঘাট থানা পু‌লিশ যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার ক‌রে।

“গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।” 

এ নিয়ে দু‌টি মামলায় মোট ২৫ জন‌কে গ্রেপ্তার করা হল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যুপুলিশ