মাদারীপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর
পূর্ব শত্রুতার জেরে ৬ মে দুই পক্ষের সংঘর্ষে ওই যুবক আহত হন বলে জানায় পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। এ খবর এলাকায় ছড়ালে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
ঘটনার ২১ দিন পর মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে জানান শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান মিয়া।
নিহত ইবনে সামাদ (১৮) উপজেলার শিরুয়াইল ইউনিয়ন সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের ছেলে।
পুলিশ জানায়, সকালে সামাদের মৃত্যুর খবর এলাকায় ছড়ালে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ পরিদর্শক শাজাহান মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে ৬ মে রাতে উপজেলার সর্দারকান্দি গ্রামের কালাম সরদারের বাড়িতে হামলা চালায় মাদবর বংশের লোকজন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কালাম সরদার, তার ছেলে ইবনে সামাদ, জুয়েল সরদার (৩৫) ও তার স্ত্রী ইরানী বেগম (৫৫), রাসেল মাদবর (৩৭) মাহমুদা বেগমসহ (৩০) উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সামাদ মারা যান।
শাজাহান মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
