রাজবাড়ীতে ধানের ক্ষেতে রাসেলস ভাইপার, আতঙ্ক
কৃষকরা জানান, সাপটি প্রায় তিন ফুট লম্বা হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের দেখা পেয়েছেন কৃষকরা। পরে তারা পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন।
রোববার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের পদ্মার চরে ধানের ক্ষেতে সাপটিকে দেখা যায়।
কৃষক ইয়াকুব আলী বলেন, “আমিসহ ছয়জন দিনমজুর শিমুল প্রামাণিকের জমিতে ধান কাটতে যাই। ধান কাটার সময় হঠাৎ বড় একটি সাপ দেখতে পাই। এ সময় সবাই মিলে কাঁচি দিয়ে সাপটি মেরে ফেলি। পরে জানতে পারি, এটি রাসেল ভাইপার সাপ। এখন তো ভয়ে আছি সাপ নিয়ে।
“সাপটি প্রায় তিন ফুট লম্বা হবে। মারার পর তিল ক্ষেতে পুতে রাখা হয়েছে।”
জমির মালিক শিমুল প্রামাণিক বলেন, “ঘটনার পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে ভয় কাজ করছে। এ ঘটনার পর থেকে অনেকেই পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছেন না।”
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা বলেন, “ধানের মাঠে একটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরে ফেলার খবর পেয়েছি।”
এ বিষয়ে দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করা হবে বলেও জানান ইউএনও।
