চাঁদপুরে লঞ্চ থেকে ৭ টন জাটকা জব্দ
মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে এমভি কর্ণফুলি-১৫ লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে।
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে সাত টন জাটকা জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “জাটকার মালিকানা দাবি না করায় কাউকে আটক করা হয়নি। জব্দ জাটকা চাঁদপুর স্টেশন মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
