শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন, প্রাণ রক্ষায় ছাদে আশ্রয় নেন ১৭ জন
আগুনে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।
শরীয়তপুর শহরের একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে আগুন লেগে ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। ঘটনায় সময় প্রাণ রক্ষায় ১৭ জন হোটেলের ছাদে আশ্রয় নেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস।
তিনি বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ ছাড়া হোটেলের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িটির গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। আগুন ভবনের ওপরের অংশেও ছড়িয়ে পড়েছিল বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হোটেলে অবস্থান করা ১৭ জন নিচে নামতে না পেরে ছাদে আশ্রয় নেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, “আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পালং মডেল থানার এসআই সুধাংশু সরকার বলেন, ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের উদ্ধারকাজে সহায়তা করতে গিয়ে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
