২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কিশোর খুন, জেরে আরও দুজনকে ছুরিকাঘাত

ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এরপর এই ঘটনার জেরে আরও দুজনকে ছুরিকাঘাত করা হয়। 

শুক্রবার বিকাল ৫টার দিকে ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান।  

নিহত সিয়াম (১৭) ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। 

আহতরা হলেন- একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে সিয়াম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অন্য বন্ধুরা সেখানে এসে হাজির হয়। তখন তারা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় তুহিন ও তুর্যকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, “হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।”