মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন ২ তরুণ
ফুটবল খেলার সময় একজন এবং বাড়ির সামনে অন্যজন আহত হন বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফজুশাহ শোলাকান্দা বিল এবং দিঘিরপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গীবাড়ি থানার ওসি মো. মনিরুল হক ডাবলু।
নিহতরা হলেন- উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খা (২২)।
স্থানীয়রা জানান, রিজান বন্ধুদের সঙ্গে শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় নিজ বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন আরাফাত। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
