২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ‘সর্বোচ্চ শাস্তি’ চেয়ে জাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

“চব্বিশের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘গণহত্যার’ নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা,” বলেন ছাত্রশক্তির জিয়া উদ্দিন আয়ান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 01:45 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সর্বোচ্চ শাস্তির’ দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘খুনি হাসিনার ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’, ‘ছাত্রলীগ মিছিল করে, প্রশাসন কি করে’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’ ইত্যাদি স্লোগান দেন। 

মিছিল শেষে ‘অদম্য ২৪’ এর সামনে তারা সমাবেশ করেন। সেখানে তাদের সঙ্গে সংহতি জানায় আধিপত্যবিরোধী মঞ্চ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের একাংশ (ইমন-তানজিম)।

সমাবেশে ছাত্রশক্তির সংগঠক জিয়া উদ্দিন আয়ান বলেন, “চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছিল। সেই গণহত্যার স্পষ্ট নির্দেশদাতা ছিল তৎকালীন সরকার ‘স্বৈরশাসক’ এবং ‘গণহত্যাকারী’ শেখ হাসিনা।” 

তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার রায় আগামীকাল (সোমবার) ঘোষণা হওয়ার কথা। ‘খুনি হাসিনা’ যেখানেই থাকুক, দিল্লির যেই ‘গর্তেই’ লুকিয়ে থাকুক, তাকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে আধিপত্যবিরোধী মঞ্চের সংগঠক আঞ্জুম শাহরিয়ার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি জাহিদ হাসান ইমন বক্তব্য দেন।