‘নিখোঁজ’ আয়াস থানায় এসে করলেন হামলার অভিযোগ, নিলেন না পুলিশি সহায়তা
আয়াস মৌখিক অভিযোগ করে প্রায় ১০ মিনিট পর একাই থানা থেকে বেরিয়ে যান।
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস ময়মনসিংহের ভালুকা থানায় গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার মৌখিক অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে থানা তাকে সহায়তা করতে চাইলেও তিনি নেননি।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, রোববার ঢাকা থেকে ফোনে আয়াসের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের টহল জোরদারের নির্দেশ দিয়েছিলেন।
“এর মধ্যেই সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে তার ওপর হামলা হয়েছে বলে মৌখিক অভিযোগ করেন। পানি পান করে প্রায় ১০ মিনিট পর তিনি একাই থানা থেকে বেরিয়ে যান।
ওসি বলেন, “আমি তাকে পুলিশি সহায়তা দিতে চাইলে তিনি বলেন, ‘বাইরে আমার লোক আছে’।”
থানায় মৌখিক অভিযোগে আয়াস বলেন, রোববার দুপুরে সংগঠনের কাজে ভালুকায় গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী তার ওপর হামলা চালায়।
তার দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং একপর্যায়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে।
সোমবার সকালে আয়াস বলেন, “হামলার ঘটনায় আজই থানায় অভিযোগ করব।”
এদিকে হামলার পর আয়াস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে এসডিএফের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা জানিয়েছেন। দেশ-বিদেশ থেকে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
১৫ অগাস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিতরণের অভিযোগে কয়েকজনকে মারধরের ঘটনায় আয়াসের নেতৃত্বে একদল জনতা জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় দুজনকে পুলিশের কাছে দেওয়া হয়।
