২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী কমিটি থেকে পদত‌্যাগের ঘোষণা

“বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করছে।”

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী কমিটি থেকে পদত‌্যাগের ঘোষণা
জান্নাতুল ফেরদৌস যুথি। ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 03:28 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটি গঠনের দুদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক নেতা। 

কমিটির যুগ্ম সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস যুথি বৃহস্পতিবার রাতে পদত্যাগপত্র দিয়েছেন বলে জানিয়েছেন। 

পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস যুথি বলেছেন, ১৬ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্যসচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত।

পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শুক্রবার জান্নাতুল ফেরদৌস যুথি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করছে। এ বিষয়টি কারও অজানা নয়। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং আপাতত রাজনীতিতে জড়ানোরও কোনো ইচ্ছা নেই। 

“আমার পরিবার সম্পূর্ণভাবে অরাজনৈতিক। আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কলেজের প্রোটোকল ভঙ্গ করা কিংবা আমার পড়াশোনার ক্ষতি করা আমি চাই না। এসব কারণ বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে সদ ঘোষিত বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব খন্দকার আল ইমরান বলেন, “প্রথমত তার (যুথি) সম্মতিতেই তাকে এই কমিটিতে রাখা হয়েছে। কিন্তু একটি বাম রাজনৈতিক দলের নেতার সঙ্গে তার সখ‌্যতা থাকায় মূলত তারই প্ররোচনায় সে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন, যুথির অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া।”

১৬ ডিসেম্বর ছয় মাসের জন‌্য কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক, খন্দকার আল ইমরানকে সদস‌্যসচিব এবং সাকিব মিয়াকে মুখ‌্য সংগঠক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।