২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তের হলহলিয়া নদীতে ভাসছিল অজ্ঞাত তরুণীর লাশ

ওই নারী ভারতীয় নাগরিক হতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের সাহেবের আলগা ক্যাম্পের সুবেদার মোনায়েম খান।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সীমান্তের বাসিন্দারা জানান, সীমান্তের মেইন পিলার থেকে দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা গরু নিয়ে মাঠে গেলে নদীতে এক নারীর মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে রাতে বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করে রৌমারী থানায় থানায় নিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম, লাল বাদশাসহ অনেকেই জানান, ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের। তাকে নির্যাতন করে হত্যার পর সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

তারা জানান, শোনা গেছে কয়েকদিন আগে, ভারতীয় কয়েকজন নারীকে ধরে এনে আসামের আলগা বিএসএফ ক্যাম্পে রেখে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো চেষ্টা করা হয়েছে। তাদের মধ্যে ওই নারীও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, “অজ্ঞাত ওই নারীর শরীরে শুধু ব্লাউজ ছিল। তার চেহারা বিভৎস হয়েছে। কোনোভাবে চেনার উপায় নেই। তিনি ভারতীয় নাগরিক হতে পারেন।”

রৌমারী থানার এসআই মো. মোসাদ্দেক হোসেন বলেন, লাশটি সম্ভবত ১৫ দিন আগের। শরীরের চামড়া খসে পড়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে।

বিজিবির সুবেদার মোনায়েম খান বলেন, আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীতে লাশটি ভাসছিল। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।