চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ, আহত ১৩
মারামারির ঘটনা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার বিকালে আলমডাঙ্গা উপজেলায় যুগিরহুদা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গার থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।
সংঘর্ষ-মারামারির ঘটনা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ করেছে।
হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান বলেন, “নির্বাচনী মাঠের শান্ত পরিবেশ পরিকল্পিতভাবে অশান্ত করা হচ্ছে। জামায়াতের অতর্কিত হামলায় নারীসহ বিএনপির ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।”
অপরদিকে দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, “জামায়াতের নারীকর্মীদের বারবার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিএনপির হামলায় জামায়াতের নারীসহ ৫ জন আহত হয়েছেন।”
পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, খবর পেয়ে ওই গ্রামে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ও পরিস্থিত স্বাভাবিক আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
