২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়িতে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:37 PM

Updated : 27 Sep 2026, 07:37 PM

নেত্রকোণার মোহনগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।

গ্রেপ্তার রনি তালুকদার (৩৮) মোহনগঞ্জ পৌর মৎস্যজীবী লীগের সদস্যসচিব এবং মাইলোড়া এলাকার বাসিন্দা।

শনিবার রাতে মাইলোড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাতে হামলা চালায়। একপর্যায়ে রেলস্টেশনের কাছে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দরজা-জানালা কোপানো ও ভাঙচুর করা হয়।

সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর ওই ঘটনার অভিযোগে থানায় মামলা করেন বিএনপি নেতা ফজলুল হক মাসুম। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওসি বলেন, সেই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রনি তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।