এখন পূজায় আর আতঙ্কে থাকতে হয় না: খাদ্যমন্ত্রী
তিনি দেশবাসীকে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, “এক সময় এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেনি। প্রতিমাসহ মন্দির ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুপল্লি। বর্তমান সরকারের আমলে পূজার উৎসবে তাদের আর আতঙ্কে থাকতে হয় না।”
মঙ্গলবার সকালে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিঁউ মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, “এ সরকারের আমলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু করা হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া।”
সভায় মান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবু, রঘুনাথ জিঁউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
