২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু ভোট: ক্যাম্পাসে থাকবে ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব, ২০০০ পুলিশ

কমিশনার জানান, র‌্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবেন দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‌্যাব ও ছয় প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়ানো হবে। র‌্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। 

তিনি জানান, এখন পর্যন্ত কোনো অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

এদিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনপূর্ব ও পরবর্তী তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। 

তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করবে আসন্ন রাকসু নির্বাচন।