২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী ২ কলেজ ছাত্রের

বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে কাহালুর রাবেয়া পার্কে ঘুরতে বেরিয়েছিলেন বলে জানায় পুলিশ।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী ২ কলেজ ছাত্রের
প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 10:09 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে উপজেলার জে কে কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার।

নিহতরা হলেন- উপজেলার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম।

ওসি সনাতন চন্দ্র জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোসাদ্দেকুল মারা যান।

স্থানীয়রা আহত সাদিকুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, “দুই কলেজ ছাত্রের মধ্যে কে মোটরসাইকেল চালাচ্ছিলেন তা জানা যায়নি। আর ট্রাকটি অচেনা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।