ময়মনসিংহে পুলিশে ঘেরা সমাবেশ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বিকালে নগরীর টাউন হলে শান্তি সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল না করতে পারা কোটা সংস্কার আন্দোলনকারীদের সংক্ষিপ্ত সমাবেশ ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মিছিল করতে না পারলেও পুলিশের বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্র্যাফিক মোড়ে এ সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য দেন।
আন্দোলনের সমন্বয়করা বলেন, ৯ দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। ঢাকা থেকে যে কর্মসূচি দেওয়া হবে তারা তা যথাযথভাবে পালন করবে। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
সেইসঙ্গে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ সংলগ্ন যে স্থানটিতে রোদোয়ান হোসেন সাগর নিহত হয়েছেন, ওই স্থানটিকে ‘শহীদ সাগর চত্বর’ ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ অনেকে ছিলেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেন।
এর আগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি এবং শিক্ষার্থীদের সমাবেশের খবরে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ বেষ্টনীর মধ্যেই শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির সাংবাদিকদের বলেন, “বিগত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে একটি চক্র নাশকতা করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করি। তবে কেউ যেন এ আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে, সে জন্য নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
অন্যদিকে বিকালে নগরীর টাউন হলে শান্তি সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ।
