শেরপুরে জেল পলাতক ও সাজা পাওয়া ২ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তারদের মধ্যে একজন হত্যা মামলা এবং অন্যজন এক বছরের সাজা পাওয়া আসামি।
শেরপুরে আলাদা অভিযানে হত্যা মামলায় জেল পলাতক এক ব্যক্তি এবং এক বছরের সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকাল ও রাতে শেরপুর সদর এবং ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
গ্রেপ্তাররা হলেন- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১) এবং শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্ররাফিল হোসেন আকন্দের ছেলে মো. রুহুল আমীন ওরফে মানিক (৩৪)।
র্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেল পলাতক আসামি সুমন মিয়ার অবস্থান শনাক্ত করে র্যাব-১৪, জামালপুরের একটি অভিযানিক দল। পরে শেরপুর শহরের খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুমন একটি হত্যা মামলার বিচারাধীন হাজতি ছিলেন বলে জানিয়েছে র্যাব।
একইদিন রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১, সিপিসি-১, ঢাকার উত্তরার সহায়তায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ এর আরেকটি দল।
এ সময় শ্রীবরদী থানার সিআর মামলার আসামি রুহুল আমীন ওরফে মানিককে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, রুহুল আমীনের বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের সাজা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।
