২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস

বেলা ৩টায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় দিনভর রোদ ও গরমের কারণে সড়কের মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 06:00 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমে সর্বোচ্চ। সেই অনুযায়ী এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান। 

সকাল থেকে রোদের তাপ ছিল তীব্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। বেলা ১২টায় তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রিতে উঠে আসে। এরপর রোদের তীব্রতা আরও বাড়তে থাকে।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রোজার থাকায় কষ্ট আরও দ্বিগুণ হয়েছে। এতে মানুষের হাঁসফাঁস বেড়েছে।

সেইসঙ্গে তীব্র গরমের মধ্যে ঈদের কেনাকাটা করতে কষ্ট পোহাতে হয় শহরবাসীকে। দুপুরের দিকে তীব্র রোদের কারণে শহরে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। 

শহরের শহীদ হাসান চত্বরে যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন ভ্যানচালক কুদ্দুস আলী। তিনি বলেন, “খোলা ভ্যানে কেউ উঠতে চাচ্ছে না। রোদে বসে থাকা কষ্ট। সবাই ইজিবাইকে চড়ে যাচ্ছে। আমরা যাত্রী পাচ্ছি না।”

ভ্যান চালকের পাশেই ফুটপাতে একটি ভ্যানে করে ছোট বাচ্চাদের তৈরি পোষাক বিক্রি করছিলেন সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন। তিনি বলেন, “দু-তিন দিন পর ঈদ। রোদের মধ্যে ক্রেতা আসছে না। দুপুর থেকে কোনো ক্রেতা নেই। সন্ধ্যার পর হয়ত কিছু বিক্রি হবে। এই রোদে আমরাও এখানে থাকতে পারছি না।”

আবহাওয়া অফিসের কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, “বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তুলনামূলক এ বছরের মার্চে গরম বেশি।

“চলতি মৌসুমে ১৩ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম মৃদু তাপপ্রবাহ শুরু হয়। এরপর ১৪, ১৬ ও ২৭ তারিখেও মৃদু তাপপ্রবাহ ছিল। কয়েকদিনে তা আরও বেড়ে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে।”

তিনি বলেন, গত বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। এবার তা বেড়ে গেছে। তাপমাত্রা বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোদের তাপও সারাদিন বেশি ছিল। 

এ অবস্থা আরও দু-তিন দিন থাকতে পারে বলে জানান আবহাওয়া অফিসের এই পর্যবেক্ষক।