১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় কবি সম্মেলনে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বেলা ১২টায় প্রতি বছরের মতো ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৫ প্রদান করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

দেশের বিভিন্ন জেলা থেকে আসা কবি-সাহিত্যিকদের নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। 

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের উদ্যোগে এ আয়োজনে কবি-সাহিত্যিকদের পদভারে মুখরিত হয়ে জেলা পরিষদ মিলনায়তন এবং সংলগ্ন চত্তর।

শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. হাছানাত আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা লোক গবেষক বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। 

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সচিব আমিনুল ইসলাম, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা বজলুল করিম বাহার, অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক তৌফিকুল আলম টিপু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কবিরা তাতে নেচে-গেয়ে আনন্দ করেন।

এছাড়া কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে হচ্ছে মিনি বইমেলা, যেখানে বাংলা একাডেমি এবং বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন। 

অনুষ্ঠানের বিরতিতে জেলা পরিষদ চত্বরে কবি-সাহিত্যদের আড্ডা জমেছিল বিভিন্ন স্টলে। 

দুই দিনের এ কবি সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব, তিনটি আলোচনা পর্ব এবং চারটি স্বরচিত কবিতা পাঠ পর্ব। প্রথম দিনে ছিল একটি সেমিনার, দুইটি আলোচনা সভা এবং দুই পর্বে কবিতা পাঠ। 

কথাকার নুর কামরুন নাহারের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন কথাকার রফিকুর রশীদ। আলোচনা করেন ড. মাহফুজা হিলালী, কথাকার মনি হায়দার, কথাকার কামরুন নাহার শীলা, জিল্লুর রহমান ও খোরশেদ বাহার। পর্বটি উপস্থাপনা করেন কথাকার মাহফুজ ফারুক।

‘রহস্য সাহিত্য: মূল ধারা থেকে বিচ্ছিন্ন কেন?’ বিষয়ের আলোচনায় অংশগ্রহণ করেন ড. অখিল পোদ্দার, শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন, রেহেনা সুলতানা শিল্পী, মুহম্মদ ফরিদ হাসান। 

‘তারুণ্যের কবিতায় সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি সম্পাদক কামরুল বাহার আরিফ। কবি ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি বকুল আশরাফ, কবি শিবলী মোকতাদির, কবি সৌম্য সালেক, কবি নাহিদা আশরাফী, কবি সিকতা কাজল, কবি তিথি আফরোজ, কবি হিরণ্য হারুন, কবি দীপংকর মারডুক এবং কবি শৈবাল নূর।

কবিতা পাঠের দুই পর্বে সভাপতিত্ব করেন কবি শাহ সানাউল হক ও কবি ছড়াকার মুসতাফা আনসারী এবং সঞ্চালনা করেন কবি তাহমিনা শিল্পী, কবি সিকতা কাজল ও ছড়াকার এস এম খলিল বাবু।

ঢাকা থেকে কবি সম্মেলনে আসা কবি বকুল আশরাফ বলেন, “এত বড় কবি সম্মেলন হয় বগুড়ায় না আসলে বুঝতাম না। কতটা মনে প্রাণে দোলা দিল তা বলার ভাষা নেই।”

সিলেট থেকে আসা সুনীল শৈশব বলেন, “অসাধারণ আয়োজন। এত বড় কবি সম্মেলন মফস্বল শহরে হয়, না এলে বুঝতাম না।” 

নওগা থেকে আসা কবি তিথী আফরোজ বলেন, “প্রতি বছরই বগুড়া লেখক চক্র এমন আয়োজন করে। আমি এই সম্মেলনে আসার পর দেশের বিভিন্ন কবি-সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হলাম। এটা আমার পরম প্রাপ্তি। লেখক চক্রকে ধন্যবাদ।” 

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, “কবি-সাহিত্যিকদের ভালোবাসি। নিজেও কবিতা লিখি। কবিতা এবং সাহিত্য হোক দেশ গড়ার এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এ কারণেই কাজ করে যাচ্ছি। 

“সারা দেশের সাহিত্যপ্রেমীদের প্রতি বছরই এক করতে পারছি এটা আমার সফলতা এবং প্রাপ্তি।”

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বেলা ১২টায় প্রতি বছরের মতো ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৫ প্রদান করা হবে। 

পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। 

এ বছর বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং এবং সাংবাদিকতায় সাংবাদিক মতিউল ইসলাম সাদি।