নিখোঁজের ২ দিন পর নাফ নদী থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
নূর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নিয়মিত নাফ নদীর কিনারা ঘেষে টানা জাল দিয়ে মাছ ধরতেন।
কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর রোহিঙ্গা বাবা-ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
নিহতরা হলেন, উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নূর উল্লাহ (৩৭) এবং তার ছেলে রুহুল আমিন (১৩)।
স্বজন ও স্থানীয়দের বরাতে পরিদর্শক তপন বলেন, নূর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নিয়মিত নাফ নদীর কিনারা ঘেষে টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালেও তারা মাছ ধরতে যান।
“কিন্তু সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।”
তপন জানান, বুধবার বিকালে দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুইজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
