১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়াকে সিটি করপোরেশন করে গেজেট প্রকাশ

নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা যুক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

গেজেটে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা যুক্ত হয়েছে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে- ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ী।

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল সরকার। পরে স্থানীয়দের মতামত ও প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশনের দাবিতে আলোচনায় ছিল। নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের।

বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ১২টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম চলে। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্বে সিটি করপোরেশন করার লক্ষে ২১টি ওয়ার্ডে বগুড়া পৌরসভাকে উত্তীর্ণ করা হয়।

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে নিকার সায়

বগুড়া সিটি করপোরেশন হওয়ায় বাসিন্দাদের উচ্ছ্বাস