১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে নিকার সায়

উপজেলার তালিকায় যুক্ত হচ্ছে বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভূল্লী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 09:19 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সায় পেয়েছে কমিটির বৈঠকে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বৈঠকে বসেন নিকারের সদস্যরা। বৈঠকের পর প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেইসবুক পেইজে সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

নতুন পাঁচ উপজেলার তালিকায় রয়েছে— বগুড়ার মোকামতলা (বর্তমানে শিবগঞ্জের সঙ্গে), কক্সবাজারের মাতামুহুরী (বর্তমানে চকরিয়ার সঙ্গে), ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী (বর্তমানে সদরের সঙ্গে) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ (বর্তমানে সদরের সঙ্গে)।

নিকারের বৈঠকে অনুমোদন পাওয়ার আগেই অবশ্য যাত্রা শুরু করে বগুড়া সিটি করপোরেশন। গত ২০ এপ্রিল বগুড়া সফরে গিয়ে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে গঠন হবে মোকামতলা উপজেলা। এর আয়তন ১২৮ বর্গকিলোমিটারের মতো; জনসংখ্যা প্রায় দেড় লাখ।

বর্তমানে দেশের ৮টি বিভাগের অধীনে মোট ১২টি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ নতুন ১৩তম সিটি করপোরেশন বগুড়া সিটি করপোরেশন।

আর দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

এর আগে, সর্বশেষ মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা গঠন করা হয়।